প্রেস রিলিজ

রোহিঙ্গা শরণার্থীদের প্রয়োজন কত গুরুতর তা মৌসুমি বৃষ্টিপাত আরও স্পষ্ট করে দিল

০৩ জুন ২০২৫

০২ জুন ২০২৫, কক্সবাজার

এই সপ্তাহের শেষে আরম্ভ হওয়া প্রবল বৃষ্টিপাত জনবহুল শরণার্থী ক্যাম্পগুলোতে আঘাত করেছে। যা হাজারো রোহিঙ্গা শরণার্থীর অস্থায়ী আশ্রয়স্থলকে ক্ষতিগ্রস্ত করেছে। মাত্র দুই দিনের ভারী বর্ষণে ৩৩টি শিবিরে ৫৩টি ভূমিধসের ঘটনা ঘটেছে। একইসঙ্গে  বন্যা ও ঝড়ো হাওয়ায় ১,৪০০টির বেশি আশ্রয়স্থল ক্ষতির সম্মুখীন। দেওয়াল ধসে একজন প্রাণ হারিয়েছেন ও বজ্রপাতে আহত হয়েছেন এগারো জন। যা অত্যন্ত বেদনাদায়ক।

“খাড়া ঢালু জায়গা, বন্যা এবং অস্থায়ী আশ্রয় মিলিয়ে ঘনবসতিপূর্ণ এই এলাকায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর ঝোড়ো হাওয়া বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি ঘরগুলোকে আরও দুর্বল করে তুলছে,” বলেন জুলিয়েট মুরেকেইসনি, অন্তর্বর্তীকালীন ইউএনএইচসিআর প্রতিনিধি। তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে এবং কমিউনাল সেন্টারগুলোতে স্থানান্তরে শরণার্থী স্বেচ্ছাসেবকরা সহায়তা করছেন। কিন্তু শেল্টারের জন্য আমাদের আরও জায়গা দরকার।” 

আক্রান্ত পরিবারদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে কমিউনাল স্থাপনাগুলো ব্যবহার করা হচ্ছে। তবে বর্ষার আগেই শরণার্থী ক্যাম্পে আশ্রয়ের জন্য যথেষ্ট জায়গা ছিল না — বিশেষ করে মায়ানমারে রাখাইন রাজ্যে সুনির্দিষ্ট সহিংসতা ও হত্যার শিকার হয়ে গত কয়েক মাস হাজার হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। অনেকেই আগে পালিয়ে আসা, তাদের আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছেন। যারা নিজেরাই নিজেদের ঘরকে শুকনো রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 

বর্ষা মৌসুম মে মাসের শেষ থেকে আগস্ট পর্যন্ত চলবে। এই সময়ে বিপদের ঝুঁকি কমাতে মানবিক সংস্থাগুলো আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে — যেমন ত্রিপল, দড়ি, ঘুমানোর ম্যাট, পানিশোধন ট্যাবলেট ও জেরিক্যানের মতো ত্রাণসামগ্রী মজুত রাখা। প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা বিপদের সময় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রয়েছেন। 

তবে বড় ধরনের অর্থসংকট এই প্রস্তুতিমূলক কাজগুলো বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। “রোহিঙ্গা শরণার্থী এবং আশেপাশের বাংলাদেশি জনগণ একইভাবে এমন একটি এলাকায় বাস করছেন যেখানে বন্যা, ভূমিধস, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবসময় থাকে,” কক্সবাজারের ক্যাম্প থেকে বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস । “এই দুর্যোগগুলোর জন্য প্রস্তুতি নেওয়া শুধু গুরুত্বপূর্ণ নয় — এটা জীবনরক্ষাকারী।” সাধারণত মে মাসের আগেই বর্ষা প্রস্তুতি শুরু হয়, কিন্তু এ বছর অর্থের অভাবে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি।

২০২৫ সালে মানবিক সহায়তাকারী সংস্থাগুলো প্রায় ১৪.৮ লাখ মানুষকে সহায়তা করতে ৯৩.৪ কোটি মার্কিন ডলার তহবিল চেয়েছে। যার মধ্যে রোহিঙ্গা শরণার্থী এবং আশেপাশের বাংলাদেশি জনগণ অন্তর্ভুক্ত। লুইস বলেন, “বছরের মাঝপথে পৌঁছে যাওয়া সত্ত্বেও যৌথ সাড়াদান পরিকল্পনা  এখনও ২০ শতাংশেরও কম অর্থায়ন পেয়েছে।” তিনি আরও বলেন, "আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।  কিন্তু এই কঠিন সময়ে আমরা রোহিঙ্গা শরণার্থীদের অবহেলা করতে পারি না। এই দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তার জন্য আমরা জরুরিভাবে দাতাদের উদাত্ত আহ্বান জানাই তারা যেন উদারভাবে সাহায্য করতে এগিয়ে আসেন।"

 

Media contact:

In Cox’s Bazar, Mosharaf Hossain, hossaimi@unhcr.org, +880 1956 475430

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

ইউএনএইচসিআর
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের অফিস

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি